হাটহাজারীতে ট্যাংকের ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনা নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ঘটা এক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, নির্ধারিত ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলাবর্ষণ করার সময় অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনা সদস্য প্রাণ হারান। এছাড়া গুরুতর আহত সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ ও নেপথ্য বিষয়গুলো অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
Comments