সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত: সিইসি
জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় এবার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, 'সবার সম্মিলিত প্রচেষ্টায় জাতিকে একটি মানসম্মত স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।'
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত 'নির্বাচনি দায়িত্ব পেশাদারির সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ' কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি জানান।
জাতীয় নির্বাচনের সফল সমাপ্তির কথা উল্লেখ করে সিইসি দাবি করেন, বিগত নির্বাচনের মাধ্যমেই ইসি জনগণের কাছে নিজেদের হারানো আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনিক সংস্থাগুলো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, 'জনগণের মাঝে অতীতে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তা এখন বহুলাংশে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। জাতীয় নির্বাচনের এই ধারা ও উচ্চ মানদণ্ড বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচন সফল করতে পুরো প্রশাসন এখন প্রতিশ্রুতিবদ্ধ।'
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি প্রক্রিয়া বর্তমানে ত্বরান্বিত করা হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
Comments