জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন খলিলুর রহমানকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ ফোরামে বাংলাদেশের কোনো কূটনীতিকের এই নেতৃত্বকে দেশের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব পালনকালে তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে এর আগে কেবল একবারই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করা হয়েছিল। দীর্ঘ ৪০ বছর আগে ১৯৮৬-৮৭ সালে ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এই গৌরব অর্জন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
Comments