সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের সরকারি হাসপাতালগুলোতে শূন্য থাকা পদে দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসকের প্রায় সাড়ে ১১ হাজার পদ শূন্য রয়েছে বলে জানান তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে বর্তমানে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত আছেন। এতে শূন্যপদের সংখ্যা দাঁড়ায় ১১ হাজার ৪৯৫টিতে।
জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক ও জাতীয় স্বাস্থ্য জনবল মানদণ্ড অনুযায়ী এটি নির্ধারিত হয়। সরকারের অর্থায়নে পরিচালিত ২০২৬ সালের একটি গবেষণা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ন্যূনতম মানদণ্ড—প্রতি এক হাজার জনে ০.৫০ জন চিকিৎসক—অনুসারে বর্তমানে দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে।
সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের শূন্যপদ পূরণ এবং জনবল বাড়াতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিসিএসের মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমেও সহকারী সার্জন পদে নিয়োগের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সরকারের এই চলমান ও পরিকল্পিত পদক্ষেপে খুব দ্রুত শূন্যপদগুলো পূরণ হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মাধ্যমে দেশের জনগণের দোরগোড়ায় সহজলভ্য, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
Comments