আসিফ মাহমুদের আমলের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ-বদলির নথি তলব
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলিসংক্রান্ত যাবতীয় তথ্য ও রেকর্ডপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব প্রদান, বাতিল ও পদায়নসংক্রান্ত নথিপত্রও তলব করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মো. জাহিদ কালামের সই করা একটি চিঠি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে এবং আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এসব তথ্য ও রেকর্ডপত্র দুদকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের জন্য চার সদস্যের একটি বিশেষ দল কাজ করছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মন্ত্রণালয়ের কাছে আসিফ মাহমুদের দায়িত্বকালে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলির রেকর্ডপত্র; জনপ্রশাসনের নির্দিষ্ট স্মারকের ভিত্তিতে বদলিসংক্রান্ত নথির সত্যায়িত অনুলিপি; ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব প্রদান, বাতিল ও পদায়নের নথিপত্র এবং মাঠপর্যায়ের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের ব্যক্তিগত নথি চাওয়া হয়েছে।
এর আগে গত বুধবার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। তাদের বিরুদ্ধে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির বিনিময়ে ঘুষ গ্রহণ এবং সিন্ডিকেটের মাধ্যমে দরপত্র ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
দুদকের প্রাথমিক তথ্যানুযায়ী, বিভিন্ন পদে বদলি ও পদোন্নতির নামে কয়েক কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুদকের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন আসিফ মাহমুদ। গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বক্তব্য প্রত্যাহার করা না হলে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
Comments