যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে বর্তমানে চালু থাকা 'ভিসা বন্ড' ব্যবস্থা আরও পর্যালোচনা ও সহজ করার জন্য মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠেছে। আগামী দিনে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থ সুরক্ষার মাধ্যমে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তিকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হয়। তবে উভয় দেশের অর্থনৈতিক বাস্তবতা ও স্বার্থ বিবেচনা করে এই চুক্তিকে আরও ভারসাম্যপূর্ণ ও লাভজনক করার সুযোগ রয়েছে বলে মত দেন রাষ্ট্রপতি।
বৈঠকে মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত রাজনৈতিক ও মানবিক সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। মার্কিন রাষ্ট্রদূত এই বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাতের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
Comments