আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অনুসন্ধান শুরু
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগ খতিয়ে দেখতে দুদকের পক্ষ থেকে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতি ও অনিয়মের এসব অভিযোগ অনুসন্ধানের জন্য গঠিত কমিটির নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।
সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি এবং কেনাকাটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া বেআইনি কাজ হাসিল করতে ঘুষ গ্রহণ এবং মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগও জমা পড়েছে দুদকে।
ক্রীড়া উপদেষ্টা থাকাকালীন ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠনে সরাসরি হস্তক্ষেপ করার গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। দুদক সূত্র জানিয়েছে, সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে ব্যবহার করে বিভিন্ন অবৈধ সুবিধা ও লেনদেন করার অভিযোগগুলোও এই অনুসন্ধানের আওতায় খতিয়ে দেখা হবে।
Comments