ফ্লাইওভার থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নিয়মিত দায়িত্ব পালনের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক তথ্যে জানা যায়, তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভারে অবস্থানকালে পিকআপটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন।
দুর্ঘটনায় নিহত তিন সদস্য হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস এবং লিডিং এয়ারক্রাফটম্যান (এলএসি) জুবাইদুল।
এ ছাড়া আহত চারজন হলেন—করপোরাল সিফাত আবু সাঈদ, করপোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের। আহতদের মধ্যে সিফাত, মাহবুব ও আহাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অন্যদিকে আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য এবং নিহতদের পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
Comments