বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবাকে আরও সুদৃঢ় করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলার (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩১ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার যন্ত্র, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার বিভিন্ন উপকরণ।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে দেশের বিভিন্ন হাসপাতাল ও দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রে এই সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পঞ্চগড় জেলা হাসপাতালে সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।
মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বাস্তবভিত্তিক অংশীদারত্ব বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সুদৃঢ় করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের 'আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি' বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
Comments