হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা রয়েছে: বিমানমন্ত্রী
হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে বর্তমানে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত। ভবিষ্যতে এ ভাড়া আরও কমানোর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগে হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে প্রথমে ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে।
তিনি বলেন, গতবার হিসাব-নিকাশের পর বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৫৪ হাজার টাকায় আনা সম্ভব হয়েছিল। এবার ডায়নামিক প্রাইসিং পদ্ধতিতে হিসাব করে ভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
রাশেদুজ্জামান মিল্লাত বলেন, ভবিষ্যতে হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর সুযোগ রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন রুটে পূর্ণাঙ্গভাবে ফ্লাইট পরিচালনা করা গেলে প্রতিষ্ঠানের আয় বাড়বে। তখন হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে আরও উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তিনি আরও জানান, অন্যান্য এয়ারলাইনস যেভাবে পরিচালিত হয়, সেই ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখেই বিমানের টিকিটের মূল্য নির্ধারণ করা হবে।
Comments