ছয় মাসে মালয়েশিয়ায় পাঠানো হবে ২ লাখ বাংলাদেশি কর্মী: প্রতিমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের শেষদিকে পর্যায়ক্রমে শুরু হতে যাচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে দুই লাখ কর্মী পাঠানোর কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম সেপ্টেম্বরের শেষ নাগাদ ধাপে ধাপে শুরু হবে। মালয়েশিয়ার পক্ষ থেকে আগামী ছয় মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানানো হয়েছে।
দুই লাখ কর্মী কীভাবে মালয়েশিয়ায় যাবেন—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশটির তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।
এর পাশাপাশি বাংলাদেশ থেকে আরও ১০ হাজার কর্মী কোনো ধরনের খরচ ছাড়াই নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে মালয়েশিয়া। অর্থাৎ এসব কর্মীর ক্ষেত্রে 'জিরো কস্ট' বা কোনো ব্যয় বহন করতে হবে না।
প্রতিমন্ত্রী জানান, দুই লাখ কর্মী পাঠানোর পাশাপাশি এই ১০ হাজার কর্মী নেওয়ার কার্যক্রমও সেপ্টেম্বরের শেষদিকে পর্যায়ক্রমে শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির বিষয়ে দেওয়া চিঠি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
Comments