অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অস্ত্রের সন্ধান দিতে সহযোগিতা করা ব্যক্তিদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত 'ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা' শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের বিভিন্ন সমস্যা, উন্নয়ন প্রকল্প এবং অপরাধ নিয়ন্ত্রণের বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী পুলিশকে আরও দক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে একটি বিশেষ ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ইউনিটটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। অস্ত্র উদ্ধারের অভিযান আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের পুরস্কারের বিষয়ে মন্ত্রী জানান, ভারী অস্ত্র উদ্ধারে কার্যকর তথ্য বা সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা দেওয়া হবে। পিস্তল, রিভলভার, শটগানসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কার মিলবে।
এ ছাড়া সাউন্ড গ্রেনেড, লুট হওয়া টিয়ারগ্যাস সেলসহ অন্যান্য অস্ত্র উদ্ধারে সহযোগিতার ধরন অনুযায়ী ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ব্যবস্থা রয়েছে।
দেশজুড়ে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই সঙ্গে মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধেও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এসব অভিযানে গোয়েন্দা সংস্থার তথ্য কাজে লাগানো হবে।
চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে অগ্রগতি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। সময়সীমা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এতে মানুষ নির্ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে পারবেন।
বাতিল হওয়া অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে যেসব অস্ত্র জমা দেওয়া হয়নি, সেগুলো এখন অবৈধ হিসেবে গণ্য হচ্ছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সীমান্ত পেরিয়ে কিছু অস্ত্র অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অন্য দেশের ভূখণ্ডে গিয়ে অভিযান চালাতে পারে না। তবে দেশের ভেতরে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
অস্ত্র, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে নতুন কিছু কৌশল নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৌশলগুলো এখনই প্রকাশ করা হবে না। তবে খুব শিগগির এসব ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে।
Comments