গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী থানার দেওলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে গোডাউনের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর গোডাউনের কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, ভোর ৫টা ২৪ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
তিনি বলেন,পাঁচটি ইউনিটের চেষ্টায় ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
Comments