ডিএমপির বিশেষ অভিযান: ৫৩ মামলায় গ্রেপ্তার ৫০০
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিক এই অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে মিরপুর বিভাগে ১৩৬ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৮ জন, গুলশান বিভাগে ৫৭ জন, উত্তরা বিভাগে ৩২ জন, রমনা বিভাগে ৩১ জন, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি) ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে অপরাধীদের কাছ থেকে বিভিন্ন চোরাই মালামাল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৪টি মোটরসাইকেল, ৪টি সিএনজিচালিত অটোরিকশা, ৫টি ভুয়া নম্বর প্লেট, ১,২৬৬ পিস ভারতীয় শাড়ি, ২টি মনিটর, ৮টি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, ৮টি চাবি, ১টি কাটার কাঁচি ও ১টি ছিটকিনি। এছাড়া মাদকদ্রব্যের মধ্যে ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭,২১২ পিস ইয়াবা, ৫.৫ গ্রাম হেরোইন এবং ৪৪০ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Comments