জামায়াতের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি ৫ সেপ্টেম্বর
আগামী ৫ সেপ্টেম্বর নির্ধারিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সফল করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ—এই ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য এই লংমার্চের আয়োজন করেছে। কর্মসূচিতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, লংমার্চ সফল করতে ইতিমধ্যে বিভিন্ন বাস্তবায়ন ও উপকমিটি গঠন করা হয়েছে। অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক এবং প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন করে দফায় দফায় বৈঠকের মাধ্যমে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এই কর্মসূচি নিয়ে ব্যাপক সাড়া ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।
ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে এই কর্মসূচি শেষ হবে। যাত্রাপথে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক পথসভা অনুষ্ঠিত হবে।
এই লংমার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে বলে আশা করছে আয়োজকপক্ষ। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষ এতে যোগ দেবেন।
সাধারণ মানুষের চলাচলে যাতে বিঘ্ন কম ঘটে, সে জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জামায়াত নেতা। তিনি বলেন, মহাসড়কের একটি নির্দিষ্ট অংশ দিয়ে লংমার্চের বহর পরিচালনা করার পরিকল্পনা রয়েছে, যাতে অন্য অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল স্বাভাবিক রাখা যায়। তবে এত বড় একটি রাজনৈতিক কর্মসূচির কারণে কোথাও সাময়িক জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে উল্লেখ করে তিনি দেশবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, 'এটি একটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির ফাঁদে পা না দিয়ে দেশবাসী এই লংমার্চ সফল করে তুলবে ইনশাআল্লাহ।' কর্মসূচি সফল করতে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ দলটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
Comments