যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী চুক্তির শর্তগুলো পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে গালিবাফের এ বক্তব্য তুলে ধরা হয়।
গালিবাফ বলেন, অন্তর্বর্তী চুক্তির শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার, তেলসহ অন্যান্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করা।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ওই চুক্তির আওতায় প্রণালিটি পুনরায় চালু করা এবং পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়ার পথ তৈরির কথা ছিল।
তবে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকায় সেই প্রক্রিয়া এগোয়নি। এর মধ্যেই হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়ে ইরানের পক্ষ থেকে নতুন করে কঠোর অবস্থানের কথা জানানো হলো।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথে চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে প্রায় তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ফলে প্রণালিটি দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
Comments