যেভাবে শিশুদের খেলাধূলায় আগ্রহী করবেন, উপায় বললেন শিক্ষামন্ত্রী
খেলাধুলার মাধ্যমে দেশে নতুন নেতৃত্ব তৈরি হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রধানমন্ত্রী এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান, যারা ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিতে সক্ষম হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে 'খেলায় খেলায় শিখি' তথ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার পাশাপাশি খেলার মধ্য দিয়ে শিশুদের বিভিন্ন শিক্ষণীয় বিষয়ও শেখানো হবে।
তিনি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবেই ভবিষ্যতের নেতৃত্ব গড়ে উঠবে।
আ ন ম এহছানুল হক মিলন জানান, এবার দ্রুততার সঙ্গে চতুর্থ শ্রেণি থেকে 'খেলায় খেলায় শিখি' কার্যক্রম চালু করা হচ্ছে। পরবর্তী সময়ে এটি প্রথম শ্রেণি থেকেই চালু করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, খেলার মাধ্যমে শেখার এই পদ্ধতিতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে বিভিন্ন বিষয় আয়ত্ত করার সুযোগ পাবে। পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, সহযোগিতা ও নেতৃত্বের মতো গুণাবলিও বিকশিত হবে।
শিক্ষামন্ত্রী জানান, ২০২৮ সালের কারিকুলাম প্রণয়নের জন্য আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন ও আধুনিকায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে এই কমিটি কাজ করবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক পর্যায় থেকেই একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চায় সরকার। 'খেলায় খেলায় শিখি' কার্যক্রম সেই উদ্যোগেরই অংশ।
Comments