গণ–আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী
পরিবর্তনশীল প্রযুক্তির যুগে জনগণের গণ–আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ সোমবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের 'মুনসুন রেভোল্যুশন অডিটোরিয়াম'-এ আয়োজিত 'গণমাধ্যম, গণ–আকাঙ্ক্ষা ও জুলাই গণ–অভ্যুত্থান' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তির বিকাশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গত হাজার বছরে সমাজে যে পরিবর্তন এসেছে, ডিজিটাল রূপান্তরের ঘনত্বের কারণে গত ২০-২৫ বছরে তার চেয়েও বেশি পরিবর্তন ঘটেছে। ইন্টারনেট ও স্মার্ট ডিভাইসের কল্যাণে এখন সমাজে জনগণের স্বতঃস্ফূর্ত স্বর ও গণ–আকাঙ্ক্ষা সরাসরি প্রতিফলিত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, বিটিভি, রেডিও বা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোকে নতুন যুগের চাহিদা, ক্লাউড প্রযুক্তি ও চ্যালেঞ্জগুলো গভীরভাবে অনুধাবন করে নিজেদের আধুনিকায়ন করতে হবে।
সেমিনারে উপস্থাপিত সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো সরকারের নীতিনির্ধারণী রোডম্যাপ এবং মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন মন্ত্রী। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। সেমিনারে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গবেষক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments