নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?
বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর তিনি দলের মহাসচিব ও মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের আগে তাকে সংবিধান অনুযায়ী নির্ধারিত শপথ নিতে হবে। এ ক্ষেত্রে তাকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল—এমনটাই ধারণা করা হচ্ছে।
বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে ডেপুটি স্পিকার সংসদের স্পিকারের কার্যাবলি পরিচালনা করেন। সেই হিসাবে বর্তমানে স্পিকারের কার্যাবলি পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, তৃতীয় তফসিলে উল্লেখিত কোনো পদে দায়িত্ব গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত শপথ নিতে হয়। রাষ্ট্রপতির শপথও এর আওতাভুক্ত।
বর্তমান সাংবিধানিক পরিস্থিতি বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পাঠানোর দায়িত্ব ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের ওপরই পড়তে পারে। কারণ, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং তাঁর অনুপস্থিতিতে সংসদের স্পিকারের কার্যাবলি পরিচালনা করছেন ডেপুটি স্পিকার।
Comments