তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড. আইরিন খানের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে উভয়পক্ষের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান উপলক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম, প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি এবং দেশের অগ্রাধিকারসমূহ যথাযথভাবে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন ড. আইরিন খান, এবং তথ্যমন্ত্রী এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ছড়ানোকে বড় চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। এই অপতথ্য মোকাবিলায় কার্যকর যোগাযোগ কৌশল প্রণয়ন, দ্রুত সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দেশের অবস্থান শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
তথ্যমন্ত্রী অপপ্রচার রোধে সরকার, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন এবং এ সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments