মির্জা ফখরুলের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিল বিএনপির প্রতিনিধিদল
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদের জন্য দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে তারা নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।"
দলের শীর্ষ নেতৃত্বের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Comments