মন্ত্রিসভায় পরিবর্তনের হাওয়া: রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের নাম আলোচনায়
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি এখন শেষের দিকে। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদের অধিবেশন কক্ষে প্রকাশ্যে এই ভোট গ্রহণ পরিচালনা করবেন। অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, যা আগামী ২৭ আগস্ট বসবে।
দলের প্রার্থীর দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল। পরাজয় নিশ্চিত জেনেও জামায়াতে ইসলামী তাদের জোটের প্রার্থীর নাম ঘোষণা করেছে। ক্ষমতাসীন বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম এখনো প্রকাশ না করলেও, দায়িত্বশীল সূত্র জানিয়েছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। তবে এর আগে এ বিষয়ে দলের কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা, সাংবিধানিক দায়িত্ব পালনে দক্ষতা এবং বিতর্কের ঊর্ধ্বে থাকা ব্যক্তিত্ব হিসেবে মির্জা ফখরুলকেই যোগ্য ও আস্থাভাজন মনে করছে দল।
বিএনপি ও মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাঁকে দলের মহাসচিবের পদ এবং মন্ত্রিসভা—উভয় স্থান থেকেই পদত্যাগ করতে হবে। এর ফলে সরকার ও দলের নীতিনির্ধারণী মহলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দলের সপ্তম জাতীয় কাউন্সিল করার পূর্বপরিকল্পনা রয়েছে বিএনপির। ফলে কাউন্সিলের আগ পর্যন্ত রুহুল কবির রিজভীই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দল পরিচালনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
Comments