রাষ্ট্রপতি নির্বাচন: ২০ আগস্ট ভোটগ্রহণ, প্রস্তুতি চূড়ান্ত
আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন প্রক্রিয়া সরাসরি সম্প্রচার (লাইভ টেলিকাস্ট) করার সুব্যবস্থা থাকবে।
মঙ্গলবার সংসদ সচিবালয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতিমূলক সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, কোনো সংসদ সদস্যের পৌঁছাতে সম্ভাব্য বিলম্বের বিষয়টি বিবেচনা করে ভোটগ্রহণের সময় বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ভোটদান প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে নিজ নিজ আসনেই অবস্থান করবেন। নির্বাচন কমিশনের নিয়োজিত কর্মকর্তারা তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। প্রতিটি ব্যালট পেপারে মুড়ি অংশ ও মূল ব্যালট—এই দুটি অংশ থাকবে। মুড়ির অংশে প্রার্থীর ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের ঘর থাকবে। অন্যদিকে মূল ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে এবং ফাঁকা স্থানে ভোটার সংসদ সদস্য তার পছন্দের প্রার্থীর নাম লিখে স্বাক্ষর করবেন। সংসদ সদস্যদের সুবিধার জন্য কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হবে।
বিকেল ৫টায় ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পর অধিবেশন কক্ষেই ব্যালট বাক্সের সামনে সরাসরি ভোট গণনা শুরু হবে। চার-পাঁচজন কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি দল ব্যালট শর্টআউট ও গণনার কাজ শেষ করবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে বৈধ-বাতিল ভোট এবং কোন প্রার্থী কত ভোট পেলেন, তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধিবেশন কক্ষ থেকেই সরাসরি ঘোষণা করবেন। পরবর্তীতে ইসি সচিবালয়ে অফিশিয়ালি চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
অধিবেশন কক্ষ থেকে সরাসরি সম্প্রচারের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের বসার জন্য নির্দিষ্ট স্থান রাখা হয়েছে এবং ইসির পক্ষ থেকে ২০ জন সাংবাদিককে বিশেষ আইডি কার্ড দেওয়া হবে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পুরোপুরি কার্যকর থাকবে। এর ফলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২০ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট থেকেও প্রার্থী ঘোষণা করায় এবারের নির্বাচনে ভোট হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।
Comments