শিক্ষাখাতের চ্যালেঞ্জ সত্ত্বেও এসএসসি ফলাফল সন্তোষজনক: শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষাখাতে বিদ্যমান বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও এবারের এসএসসি পরীক্ষার ফলাফলকে সন্তোষজনক বলে অভিহিত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে আয়োজিত 'সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, "দীর্ঘদিন ধরে চলা শিক্ষাখাতের নানা সংকটের প্রভাব এবারের ফলাফলে দৃশ্যমান। এই ফলাফল মাত্র পাঁচ মাসের প্রস্তুতির ফসল নয়, বরং দীর্ঘ সময়ের পরিস্থিতির প্রতিফলন।"
বর্তমান শিক্ষাব্যবস্থার ভঙ্গুর দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, "গত ২০ বছরে আমরা অনেক পিছিয়ে গেছি। বিশেষ করে শিক্ষক সংকট এখন একটি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছি।"
এসএসসি পরীক্ষায় পাসের হার নিয়ে কোনো কোনো মহলের সমালোচনার জবাবে তিনি বলেন, "ফলাফল কোনো জোর করে বাড়ানো বা কমানোর বিষয় নয়। শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও মূল্যায়নের ভিত্তিতেই এই ফলাফল নির্ধারিত হয়েছে।" দীর্ঘদিনের শিক্ষা খাতের সংকটই এবারের ফলাফলের মূল কারণ বলে তিনি পুনরায় উল্লেখ করেন।
Comments