বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী
প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সব সময় একটি দৃঢ় ও সুসম্পর্ক বজায় রাখতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, দুটি প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিন্নমত বা গণতান্ত্রিক ইস্যু থাকা স্বাভাবিক এবং ভবিষ্যতেও থাকবে। এটিই কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব।
তিনি আরও বলেন, দুই দেশের ইতিহাস এবং ভৌগোলিক সীমান্তের বাস্তবতা কখনোই বদলানো সম্ভব নয়। আমরা একে অপরের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করি এবং আশা করি আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত হবে।
হাইকমিশনার জোর দিয়ে বলেন, সমস্যার সমাধানে দুই পক্ষকেই সমানভাবে উদ্যোগী হতে হবে। আলোচনার টেবিলে বসে সমাধান করা যায় না—এমন কোনো জটিল সমস্যা নেই। দুই দেশের সাধারণ মানুষই আন্তরিকভাবে চায় বাংলাদেশ-ভারতের সম্পর্ক সবসময় ভালো থাকুক।
এ সময় বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী জানান, এ দেশের মানুষের কাছ থেকে তিনি যে আদর, প্রীতি ও ভালোবাসা পেয়েছেন, তাতে তিনি সত্যিই অভিভূত।
Comments