এসএসসির ফল পুনর্নিরীক্ষণ শুরু ১১ আগস্ট থেকে: আবেদন যেভাবে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১১ আগস্ট এবং তা চলবে ১৭ আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে নিজ নিজ শিক্ষা বোর্ডের মাধ্যমে এই আবেদন করতে পারবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অনলাইনে আবেদন করার নিয়মাবলি
ফল পুনর্নিরীক্ষণের পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। অনুসরণের ধাপগুলো: প্রথমে নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। পোর্টালে গিয়ে নিজের রোল ও রেজিস্ট্রেশন নম্বর এন্ট্রি করতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে 'সাবমিট' বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে যোগাযোগ বা এসএমএস পাওয়ার জন্য একটি সচল মোবাইল ফোন নম্বর দিতে হবে। এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল স্ক্রিনে দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের জন্য কাঙ্ক্ষিত বিষয়গুলো সিলেক্ট করে 'ফি প্রদান করুন' বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি ১৫০ টাকা। (যেসব বিষয়ে দুটি পত্র রয়েছে, যেমন বাংলা বা ইংরেজি, সেগুলোর ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে)। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।
ফি সফলভাবে পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে এসে 'জমা দিন' বাটনে ক্লিক করতে হবে। ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পরও যদি নতুন কোনো বিষয় যুক্ত করার প্রয়োজন হয়, তবে একই প্রক্রিয়ায় তা করা যাবে; এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
জরুরি কিছু সতর্কতা
• ফি পরিশোধের আগে আবেদনে কোনো ভুলত্রুটি থাকলে বা কোনো বিষয় বাদ দিতে চাইলে 'মুছে ফেলুন' বাটনে ক্লিক করে তা বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে।
• একবার ফি জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই জমাকৃত ফি ফেরত দেওয়া হবে না।
• পুনর্নিরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হলে, আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল, তাতে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
Comments