জাতীয় সংকটে একসঙ্গে কাজ করলে সমাধান সম্ভব: জামায়াত আমির
জাতীয় সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দল একসঙ্গে মিলে কাজ করলে অনেক সমস্যার কার্যকর সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেওয়ার আগে সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মতবিনিময়কালে তেলের সংকটের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, সরকার ও বিরোধী দল একযোগে পদক্ষেপ নেওয়ার পরই দেশে জ্বালানি তেলের সংকট কেটে গেছে, অথচ বাড়তি কোনো তেল সরবরাহ করা হয়নি। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, জাতীয় যেকোনো সংকটে সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করলে তার সফল সমাধান সম্ভব।
একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, অতীতে দেশের জাতীয় সংসদে মারামারি, হাতাহাতি এমনকি হত্যাকাণ্ডের মতো অনভিপ্রেত ঘটনাও ঘটেছে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে একটি সভ্য, গণতান্ত্রিক ও শালীন সংসদীয় সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়। রাজনৈতিক ময়দানে বিভিন্ন সময় উসকানি আসলেও তারা সব সময় শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা বজায় রাখার পক্ষে অবস্থান নেবেন।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ আছে বলে তিনি মনে করেন না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দেশবাসীর ওপর চালানো নজিরবিহীন নির্যাতন, গণহত্যা এবং বহু মানুষের প্রাণহানির পরও দলটির নেতাকর্মীদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বা বোধোদয় দেখা যায়নি।
বাগেরহাট সার্কিট হাউসে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বাগেরহাটের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, মনজুরুল হক রাহাদ, অধ্যক্ষ আব্দুল আলীম এবং জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জামায়াত আমির বাগেরহাট কামিল মাদরাসা মাঠে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
Comments