গাজায় গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশুর মৃত্যু: ইউনিসেফ
জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, গাজায় চলমান সংঘাতে গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। এর অর্থ হলো, সংঘাতের এই সময়ে গাজায় প্রতিদিন গড়ে অন্তত একজন শিশুর প্রাণহানি ঘটেছে।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, এই দীর্ঘ সময়ে নিহতদের পাশাপাশি আরও শত শত শিশু গুরুতরভাবে আহত হয়েছে। গাজার সাধারণ মানুষ এখনো তীব্র গোলাবর্ষণ, বন্দুকযুদ্ধ এবং নৌবাহিনীর হামলার মতো ভয়াবহ সামরিক অভিযানের মধ্যে জীবন কাটাচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, গাজার শিশুরা চরম জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে। পাশাপাশি সেখানে নিরাপদ পানির তীব্র সংকট, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি সুবিধার চরম অভাব দেখা দিয়েছে।
অন্যদিকে, পশ্চিম তীরেও পরিস্থিতি উদ্বেগজনক। ওসিএইচএ জানিয়েছে, সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এবং সামরিক অভিযানের কারণে ফিলিস্তিনিদের বাড়িঘর ও জীবিকা ধ্বংস হচ্ছে। সম্প্রতি হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার তুবা গ্রামে বসতি স্থাপনকারীরা কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে, যার ফলে ১৪ শিশুসহ তিনটি পরিবার বাস্তুচ্যুত হয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। এই হামলায় দুই শিশুসহ বেশ কয়েকজন আহত হন। এছাড়া একটি সোলার পাওয়ার সিস্টেম ও ১০ টন পশুখাদ্যসহ মূল্যবান সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয়।
ওসিএইচএ-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত পশ্চিম তীরের ২৫০টি ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ১,৩৮০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৬ থেকে ৭টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব হামলা এবং চলাচলে নানা নিষেধাজ্ঞার কারণে ইতিমধ্যে দুই হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
সংস্থাটি জোর দিয়ে বলেছে, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বেসামরিক নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এসব সহিংসতার সঙ্গে জড়িতদের কঠোর জবাবদিহির আওতায় আনতে হবে।
এদিকে, জেরুজালেম গভর্নরেটের কালান্দিয়া শরণার্থী শিবিরে টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকায় হাজার হাজার ফিলিস্তিনি অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। নিরাপত্তা ঝুঁকির কারণে মানবিক সহায়তাকর্মীরা ওই এলাকায় প্রবেশ করতে পারছেন না, ফলে সেখানকার বাসিন্দাদের চিকিৎসা, জরুরি সেবা ও দৈনন্দিন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
Comments