জনগণের দাবি পৌঁছাতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির
জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। তবে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন জোটের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে পুলিশের বাধার মুখে জামায়াত আমির স্পষ্ট জানিয়ে দেন যে তাঁরা কাউকে অসম্মান করতে আসেননি, বরং সাধারণ মানুষের নায্য দাবিগুলো জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেই সেখানে উপস্থিত হয়েছেন।
তিনি বলেন, 'আজ শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশেই একই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। জনগণের দাবি জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি।'
সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধিকে এসে সরাসরি দাবিগুলো গ্রহণ করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা আরও বলেন, 'যদি আমাদের এই মিছিল থামাতে চান, তবে ভেতর থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তাঁর প্রতিনিধিকে এখানে এসে জনগণের দাবিগুলো গ্রহণ করতে হবে। জনগণের দাবি বাস্তবায়নে তারা সফল হলে আমরা তাদের ধন্যবাদ জানাবো। কিন্তু ব্যর্থ হলে আমরা ঘরে বসে থাকবো না; আন্দোলনের পর আন্দোলন, কর্মসূচির পর কর্মসূচির মাধ্যমেই প্রতিবাদ চলতেই থাকবে।'
এ সময় উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে জামায়াত আমির বলেন, 'আপনাদের অনুরোধে আমরা আপাতত এখানে থেমেছি। সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের এই বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদের অনুরোধ করছি।'
Comments