রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ২০ আগস্ট
রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। ইসি সচিব সূত্রে এ তথ্য জানা গেছে।
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) আলোচনায় বসবে ইসি।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় ইসিকে।রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। সংসদ সদস্যের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
এই ভোটে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আইন ও সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এর আগে সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে অনুরোধ করেছি। ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতোমধ্যে নিয়ম অনুযায়ীজাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গেবৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার।
Comments