আবু সাঈদকে বাদ দিয়ে কোনো ডকুমেন্টারি হতে পারে না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত যে প্রামাণ্যচিত্রে বা ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি বা অবদান নেই, সেটিকে কোনো ডকুমেন্টারিই বলা যায় না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ওই প্রামাণ্যচিত্রে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও থাকা উচিত ছিল।
আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক ডকুমেন্টারি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, 'ডকুমেন্টারিটিতে বেশ কিছু ভুল রয়েছে। প্রথমেই যা আমার নজরে এসেছে, তা হলো শহীদ আবু সাঈদের ছবি না থাকা। আবু সাঈদ এই গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবি ও প্রতীক। তাঁর ছবি ছাড়া এটিকে কোনো ডকুমেন্টারি বলা যায় না। একইভাবে এতে খালেদা জিয়ার ছবিও থাকা উচিত ছিল।'
এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, 'এরপর আমাদের শান্ত থাকা উচিত ছিল। বিষয়টি পুষে রেখে সংসদের মতো ওয়াকআউট করা সমীচীন হয়নি।' সরকার জনগণের নির্বাচিত সরকার উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের কোনো ভুল হলে সেটি শুধরে দেবেন। তবে আমরা কখনো আওয়ামী লীগের মতো হতে পারি না, কারণ তাদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই।'
এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক ডকুমেন্টারিটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মিলনায়তনের বিভিন্ন প্রান্ত থেকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। তাঁদের অভিযোগ, এতে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ, শহীদদের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি। প্রতিবাদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুরো মিলনায়তনে হট্টগোল ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
Comments