সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার সংবিধানে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সংশোধন আনতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো জটিলতার মুখে পড়তে না হয়।
আজ বুধবার (০৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংবিধান সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সংবিধানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার।' সরকার সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায়, যাতে বারবার এ ধরনের রাজনৈতিক বা সাংবিধানিক জটিলতার সৃষ্টি না হয়। কারণ 'জুলাই বারবার আসে না'।
জুলাই আন্দোলনের কৃতিত্ব নেওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চলমান প্রতিযোগিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি কোনো কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় নেই; বিএনপি প্রতিযোগিতা করছে জুলাইয়ের আকাঙ্ক্ষা ও আদর্শ বাস্তবায়নে। এ সময় সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে সম্পূর্ণ ঐক্যবদ্ধ। সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বা মতবিনিময় চলতেই পারে, তবে 'আওয়ামী লীগ যেন আর ফিরে আসতে না পারে'—সেই মৌলিক প্রশ্নে দেশের সবাই এক ও অভিন্ন অবস্থানে রয়েছে।
Comments