যুক্তরাষ্ট্রকে শিগগিরই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে: ইরান
খুব শিগগির যুক্তরাষ্ট্রকে শুধু মধ্যপ্রাচ্য থেকেই নয়, বরং যেসব দেশ মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে—সেসব দেশ থেকেও সরে যেতে বাধ্য করা হবে বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য ইব্রাহিম আজিজি।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।
এক্সে প্রকাশিত এক ছবির সঙ্গে যুক্ত বার্তায় ইব্রাহিম আজিজি লেখেন, 'সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন আপনাদের শুধু এই অঞ্চল থেকেই নয়, বরং যেসব দেশ আজ আপনাদের সন্ত্রাসী ঘাঁটির আশ্রয় দিয়েছে, সেখান থেকেও বহিষ্কার করা হবে।'
তিনি আরও বলেন, 'সেদিন আপনাদের বিদেশে সামরিক ঘাঁটি পরিচালনার জন্য বরাদ্দ করা সমস্ত সম্পদ বিদেশের মাটিতে নয়, বরং নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যয় করতে হবে।' সবশেষে তিনি জোরালো দাবি করেন যে, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছাড়তে বাধ্য হতেই হবে।
Comments