ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হবে: প্রধানমন্ত্রী
আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে 'জুলাই ৩৬' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার স্বার্থেই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই অভ্যুত্থানে যে মানুষগুলো শহীদ হয়েছেন ও গুম-খুনের শিকার হয়েছেন, তাদের স্মরণে নিজ নিজ এলাকার যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণের প্রত্যাশা—এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক বয়ান প্রচারের মাধ্যম হয়ে উঠবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের নয়; এই মহান অভ্যুত্থানের মূল নায়ক হলো বাংলাদেশের আপামর গণতন্ত্রকামী জনগণ।
একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে তিনি আরও বলেন, '১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল আমাদের স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দেশ ও জনগণের সেই স্বাধীনতা রক্ষার সংগ্রাম। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের মানুষ যেমন কখনো ভুলে যায়নি, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদেরও এ দেশের জনগণ কখনোই ভুলবে না।'
Comments