এক বছরের মধ্যে জুলাই আন্দোলনের সব মামলার বিচার শেষ করার লক্ষ্য: চিফ প্রসিকিউটর
জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার কাজ আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে প্রসিকিউশন দল কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, তাঁর যোগদানের আগে তিনটি এবং যোগদানের পরে আরও তিনটি—মোট এই ছয়টি মামলার বিচারকার্য ইতিমধ্যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পন্ন হয়েছে। এর চেয়েও বেশি তাড়াহুড়ো করলে বিচার নিয়ে জনগণের মনে প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বিচারপ্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি তুলে ধরে মো. আমিনুল ইসলাম জানান, আরও প্রায় তিনটি মামলা চলতি মাসেই রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে ওবায়দুল কাদেরের মামলার যুক্তিতর্কের শুনানি চলছে এবং মাহবুব উল আলম হানিফের মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে, যার রায় যেকোনো দিন ঘোষণা হতে পারে।
Comments