পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান সংকট মোকাবিলা এবং টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের একদল বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক উন্নয়নমূলক সংগঠন 'ফুটস্টেপস বাংলাদেশ'-এর নেতৃত্বে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা সভায় অংশ নেন। তাঁরা দেশের পানি খাতের সমস্যা, সীমাবদ্ধতা এবং উত্তরণের উপায় তুলে ধরে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সংস্থারগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ুর প্রভাব বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। বিশেষ করে খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা রক্ষা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি সংরক্ষণের ওপর বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, বিশেষজ্ঞদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন। এছাড়া ফুটস্টেপস বাংলাদেশের সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, ট্রাস্টি ফাসবীর এস্কান্দার, বিশ্বব্যাংকের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, অধ্যাপক মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গবেষকরা বৈঠকে অংশ নেন।
Comments