টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএর কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার
বিমান খাতের টিকিট সিন্ডিকেট দমন, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং দেশের সার্বিক পর্যটনশিল্পের উন্নয়নে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) কাছে কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার। পাশাপাশি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের 'বাংলাদেশ এয়ারলাইনস টেকনিক্যাল সেন্টার' বা বিএটিসিকে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তর করতেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে আইএটিএ।
সোমবার (৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হির সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হি জানান, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশের এভিয়েশন বা বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা দিতে তারা প্রস্তুত। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টেকনিক্যাল সেন্টারকে (বিএটিসি) আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক প্রতিষ্ঠানে উন্নীত করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে সংস্থাটি।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, বিমানের টিকিট সিন্ডিকেট দমনে সরকার এরই মধ্যে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এই ক্ষেত্রে আইএটিএর কারিগরি সহায়তা অত্যন্ত সহায়ক হবে। তিনি আরও স্পষ্ট করেন যে, বর্তমান সরকার বিমান খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে এবং একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
অন্যদিকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, একটি পরিবেশবান্ধব বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ হ্রাসের বিষয়টি যুক্ত করে পৃথক ধারা সংযোজন করা হয়েছে। এছাড়া টেকসই এভিয়েশন ফুয়েল (SAF) ব্যবহারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি আকাশপথে অপরাধ দমনে 'মন্ট্রিল প্রটোকল-২০১৪' গ্রহণের প্রয়োজনীয় কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া হবে।
সৌজন্যমূলক এই বৈঠকে দেশের পর্যটন খাতের বিকাশ, আন্তর্জাতিক আকাশপথে কানেক্টিভিটি বা সংযোগ বৃদ্ধি, এভিয়েশন খাতের সার্বিক সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় উভয় পক্ষের পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
Comments