চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে
হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
একই দিন চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্রের দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫), ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
এদিকে আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই সকালে ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দীঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোড-সংলগ্ন আবাসিক এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনে চাঁদার টাকা না পেয়ে মুখে মাস্ক পরে হামলা চালানো হয়েছিল। এছাড়া এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে হাটহাজারী থানার বড় দীঘিরপাড় এলাকার পাইকারি চাল ও চিনির ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আদালত শুনানি শেষে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ দাবি করে, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
Comments