বান্দরবানে খাদ থেকে নিখোঁজ ২ পর্যটকের মরদেহ উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামের নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত জামির উদ্দিন ভোলার বোরহানউদ্দীন উপজেলার এবং রোকাইয়া আক্তার ঢাকার লালবাগের বাসিন্দা।
বুধবার (২৯ জুলাই) রাতে ১০ জনের একটি পর্যটক দল ৬টি মোটরসাইকেলে ঢাকার থেকে রওনা দিয়ে বান্দরবানের রুমা উপজেলায় পৌঁছায়। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে তারা বগালেক এলাকায় এসে কটেজে ওঠেন। বিকেল সাড়ে ৫টার দিকে দলটি বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যায়। ছবি তোলার পর অন্যরা ফিরে এলেও গাইডের নিষেধ অমান্য করে ওই দুজন মোটরসাইকেলে করে ভিউ পয়েন্টের সামনের নিষিদ্ধ এলাকার দিকে চলে যান।
সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে গাইড বগালেক আর্মি ক্যাম্পকে বিষয়টি জানান। পরে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে রাত সাড়ে ১১টার দিকে পাহাড়ি খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Comments