মানিকদিতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতালে এইচএসসি পরীক্ষার্থী
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। সে মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম জানান, তারা থাকেন মানিকদি আমতলাতেই। রাতে তিনি ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলেন। এরপর করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিল। আমতলা '৩২ মালিকের বিল্ডিং' নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে সে আসার সময় অন্ধকারে এলোপাতাড়ি গুলি করা হয়। এতে করিমের দুই পায়ে দুটি গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলায় একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যান। পরে আমরা সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেলে নেন। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন। বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বেরিয়ে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি তারাই তদন্ত করছে।
Comments