বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক সম্মানি ভাতা ও আর্থিক অনুদান বৃদ্ধি
বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই আর্থিক সুবিধা আগামী ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ৩ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রণীত সংশ্লিষ্ট বিধিমালার আলোকে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ও অনুদানের হার নিম্নরূপ:
বীর উত্তম খেতাবধারী: মাসিক সম্মানি ভাতা ৩০ হাজার টাকা। পাশাপাশি উৎসব ভাতা ১০ হাজার টাকা, মহান বিজয় দিবস ভাতা ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ২ হাজার টাকা দেওয়া হবে।
বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবধারী: মাসিক সম্মানি ভাতা ২৫ হাজার টাকা। এছাড়া উৎসব ভাতা ১০ হাজার টাকা, মহান বিজয় দিবস ভাতা ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ২ হাজার টাকা নির্ধারিত হয়েছে।
শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য মূল সম্মানি ভাতা ও বিভিন্ন অনুদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে:
মূল মাসিক সম্মানি: ২৩ হাজার টাকা, চিকিৎসা ভাতা: ২ হাজার টাকা, খাদ্য ভাতা: ৫ হাজার টাকা, উৎসব ভাতা: ২৩ হাজার টাকা, বাংলা নববর্ষ ভাতা: ২ হাজার টাকা
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের শ্রেণিভিত্তিক ভাতা
অক্ষমতার মাত্রা অনুযায়ী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চারটি শ্রেণিতে বিভক্ত করে মাসিক সম্মানি ভাতা নির্ধারণ করা হয়েছে:
-
'ক' শ্রেণি (৯৬ থেকে ১০০ শতাংশ অক্ষম): মাসিক ৩০ হাজার টাকা
-
'খ' শ্রেণি (৬১ থেকে ৯৫ শতাংশ অক্ষম): মাসিক ২৮ হাজার টাকা
-
'গ' শ্রেণি (২০ থেকে ৬০ শতাংশ অক্ষম): মাসিক ২৩ হাজার টাকা
-
'ঘ' শ্রেণি (১ থেকে ১৯ শতাংশ অক্ষম): মাসিক ২০ হাজার টাকা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, মুক্তিযুদ্ধের বীর সন্তান ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা রক্ষায় সরকার নিয়মিত বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। সাম্প্রতিক এই ভাতা বৃদ্ধি সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Comments