হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই ফরমাল চার্জ দাখিল করেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ মামলাটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এই মামলায় বর্তমানে ৯ জন আসামি কারাগারে বা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। তারা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির (একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি), সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ বাকি অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটর কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ মে দিনভর হেফাজতে ইসলামের সমাবেশ শেষে রাতে শাপলা চত্বরের জমায়েতে আইনশৃঙ্খলা বাহিনী নৃশংস হামলা চালায়। এই ঘটনায় মোট ৫৮ জনের মৃত্যুর প্রামাণ্য দলিল ও তথ্য পেয়েছে তদন্ত দল। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিল হেফাজতে ইসলাম।
Comments