চা শিল্পের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী
চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এ কথা বলেন।
চা শিল্পের টেকসই উন্নয়ন ও উৎপাদনে গতি আনতে নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্পসুদে ঋণ দেওয়ার পাশাপাশি বাগানের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
চা শিল্পের বর্তমান সংকট ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প-সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় চা বাগানের মালিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়ন সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের প্রস্তাবনা পেশ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও চা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
Comments