শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ‘ছাত্রশক্তির জয়’ ঘোষণা তেলাপোকা পার্টির
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। নিট-ইউজিসহ (NEET-UG) বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়মের অভিযোগে চলমান আন্দোলনের মুখে তাঁর এই পদত্যাগের ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)।
শনিবার (২৫ জুলাই) এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে দলটি লিখেছে, 'ছাত্রশক্তির জয় হোক'।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও জবাবদিহিতার দাবিতে গত জুন মাস থেকে দিল্লির জন্তর মন্তরে অবস্থান ধর্মঘট করে আসছিল সিজেপি। এনডিটিভির খবর অনুযায়ী, সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান।
পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান উল্লেখ করেন, প্রথম দিন থেকেই তিনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছেন এবং 'পরীক্ষা মাফিয়াদের' হাতে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেননি। এছাড়া গত দশ দিনের ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত বলে জানান।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের কারণে প্রথমে ৩ মে নির্ধারিত নিট-ইউজি পরীক্ষা স্থগিত হয়ে পরবর্তীতে ২১ জুন অনুষ্ঠিত হয়েছিল। এই অনিয়ম ও অব্যবস্থাপনার দায় নিয়েই মূলত মন্ত্রিত্ব ছাড়লেন তিনি।
Comments