প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক নেতা ও বিএনপি রাজনীতির সাথে যুক্ত মো. রাশেদ খান।
রোববার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়: মো. রাশেদ খাঁনকে অন্যান্য সকল পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি এ পদে বহাল থাকবেন। তিনি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।
নিয়োগের বিষয়ে মো. রাশেদ খাঁন নিজে সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রজ্ঞাপনের কপি শেয়ার করে একটি পোস্ট দেন।
তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, প্রধানমন্ত্রী তারেক রহমানকে।"
নতুন এই দায়িত্ব সুচারুভাবে পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, "আমি যেন আস্থা ও বিশ্বাসের জায়গাটি ধরে রেখে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি—এ জন্য দেশবাসীর দোয়া ও ভালোবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।"
Comments