প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। সোমবার (২০ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান আইএলও প্রধান। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এ সময় শ্রম খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে আইএলও।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে বিশেষ অভিনন্দন জানান গিলবার্ট এফ. হোংবো। তিনি এই অর্জনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বলিষ্ঠ কূটনৈতিক সক্ষমতা ও বৈশ্বিক গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বর্ণনা করেন।
দ্বিপক্ষীয় এ বৈঠকে দেশের শ্রম খাত ও বৈশ্বিক শ্রমবাজার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন। পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বাংলাদেশের পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রের সুরক্ষা ও আন্তর্জাতিক শ্রমমান (Labor Standards) বাস্তবায়নের অর্জনসমূহ। বিদেশগামী কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা এবং প্রবাসীদের অধিকার সুরক্ষা।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে আমাদের সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।" একই সঙ্গে তিনি একটি শ্রমিকবান্ধব ও টেকসই শিল্প পরিবেশ গড়ে তোলার জন্য সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে আইএলও এবং বাংলাদেশ সরকার একযোগে কাজ করে যাওয়ার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে।
Comments