আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট এক বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে এই চিঠি পাঠানো হয়। চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ কপিও দিল্লির কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে মূল আসামি করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন:
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ে উল্লেখ করা হয়, 'সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি' (ঊর্ধ্বতন কমান্ডের দায়) নীতির আওতায় নিরাপত্তা বাহিনীর মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য তারা সরাসরি দায়ী। একই মামলায় রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালের ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সমুদয় সম্পত্তি রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো চিঠির পর এখন আসাদুজ্জামান খান কামালকে ভারতের পক্ষ থেকে হস্তান্তরের প্রক্রিয়ার বিষয়টি গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।
Comments