জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
'জুলাই সনদ' বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া সব বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি চক্র জুলাই সনদ নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তবে আলোচনার মাধ্যমেই এই বিতর্কের সুষ্ঠু সমাধান করতে হবে।
আজ রোববার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত 'জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "জুলাই আন্দোলন দেশের বুকে যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে, তা আমাদের যেকোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে যে আমরা একটি ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব।" তিনি উল্লেখ করেন, দেশের মানুষের কাছে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার এখন তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।
দেশে অতীতে অনেক আন্দোলন-সংগ্রাম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটি স্থায়ী রাজনৈতিক ব্যবস্থা চালু করা প্রয়োজন, যাতে দেশকে আর কখনো সহিংসতার পথে যেতে না হয়।
সবকিছুতে ঢালাও বিরোধিতার মানসিকতা পরিহার করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি বিরোধী দলকে চলমান সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে গঠনমূলক ভূমিকা রাখার অনুরোধ করেন।
গণমাধ্যমের বর্তমান চিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, এখনো গণমাধ্যমসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এক ধরনের তোষামোদি সংস্কৃতি বিরাজ করছে। এই দাসত্ব ও তোষামোদি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হলে চিন্তার জগতে একটি বড় ধরনের বিপ্লব প্রয়োজন।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছরের যে স্তূপীকৃত অপকর্ম ও জঞ্জাল তৈরি হয়েছে, এত স্বল্প সময়ের মধ্যে তা থেকে জাতিকে সম্পূর্ণ মুক্ত বা শোধরানো সম্ভব নয়; এর জন্য ধৈর্য ও সময়ের প্রয়োজন।
Comments