সংসদীয় স্থায়ী কমিটি শক্তিশালী করতে প্রয়োজনীয় আইনের ওপর জোর ডেপুটি স্পিকারের
জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও শক্তিশালী করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তবে সমাজের পরিবর্তনের সঙ্গে মানুষের চাহিদাও বদলে যায়, তাই সময়ের প্রয়োজনে বিদ্যমান আইনগুলো সংশোধন ও হালনাগাদ করা অত্যন্ত জরুরি।
আজ রোববার (১৯ জুলাই) সংসদ ভবনে নিজ কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নের নেতৃত্বে আসা এই প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
সংসদ গ্রন্থাগারে সদ্য স্নাতকদের জন্য 'পার্লামেন্টারি ফেলোশিপ' বা ইন্টার্নশিপ চালুর বিষয়ে ইউএনডিপির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ডেপুটি স্পিকার। তিনি মনে করেন, এই উদ্যোগ তরুণদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে বড় ভূমিকা রাখবে।
সংসদের যেকোনো নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে যাতে কাজের পুনরাবৃত্তি না ঘটে, সেই সমন্বয়ের ওপর জোর দেন তিনি। একই সাথে 'ই-পার্লামেন্ট' বা ডিজিটাল সংসদ বাস্তবায়নে ইউএনডিপির কারিগরি ও আর্থিক সহায়তা প্রত্যাশা করেন।
বৈঠকে বাংলাদেশ ও নেপালের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের একটি প্রস্তাব দেওয়া হলে ডেপুটি স্পিকার তাতে ইতিবাচক সাড়া দেন।
এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ইউএনডিপির সিনিয়র গভর্নেন্স অ্যাডভাইজার ড্রাগান পোপোভিচ, সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ, প্রজেক্ট ম্যানেজার মাহমুদুল হাসান এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments