বিশ্বজুড়ে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট: অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা
হঠাৎ করেই কারিগরি ত্রুটির (আউটেজ) মুখে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সন। আজ রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিট থেকে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের লাখ লাখ ব্যবহারকারী ফেসবুকে লগ-ইন করতে পারছেন না বলে অভিযোগ জানিয়েছেন।
বিভ্রাট পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট 'ডাউনডিটেক্টর' এর তথ্য অনুযায়ী, আজ দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগের বন্যা বয়ে যায়।
ডাউনডিটেক্টরের পরিসংখ্যান অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারীরা মূলত তিন ধরনের প্রধান সমস্যার কথা জানিয়েছেন:
-
ওয়েবসাইট বিভ্রাট (৫০%): অর্ধেক ব্যবহারকারীই ফেসবুকের মূল ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। কম্পিউটার বা ল্যাপটপ থেকে ব্রাউজ করতে গেলে সাইট লোড হতে দীর্ঘ সময় নিচ্ছে।
-
লগ-ইন জটিলতা (২০%): অনেক ব্যবহারকারী আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পরও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
-
নিউজ ফিড ও টাইমলাইন (২০%): যারা প্রবেশ করতে পেরেছেন, তাদের নিউজ ফিড বা টাইমলাইন আপডেট হচ্ছে না।
বর্তমানে ডেক্সটপ থেকে লগ-ইনের চেষ্টা করলে ব্যবহারকারীদের স্ক্রিনে একটি বার্তা দেখানো হচ্ছে, 'অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ। সাইট সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। আমরা আশা করছি, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।"
ব্রিটিশ সংবাদমাধ্যম 'আইরিশ মিরর' এবং 'ম্যানচেস্টার ইভনিং নিউজ' জানিয়েছে, আজ স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে থেকেই ইন্টারনেট দুনিয়ায় 'Facebook down' লিখে অনুসন্ধানের (Search) সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এই সমস্যাটি কেবল নির্দিষ্ট কোনো দেশে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা এতে প্রভাবিত হয়েছেন।
এদিকে, ফেসবুকের পাশাপাশি মেটার মালিকানাধীন আরেক জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যার মুখে পড়ার কথা জানিয়েছেন অনেক ব্যবহারকারী। তবে এই বিশ্বব্যাপী বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ কী এবং কখন নাগাদ সেবা পুরোপুরি সচল হবে সে বিষয়ে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
Comments